শান্ত-বাবরকে পেছনে ফেলে সেরা টেক্টর

গত মাসে ইংল্যান্ড সফরে আয়ারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করেছিলেন নাজমুল হোসেন শান্ত। যা তাকে ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’-এর সংক্ষিপ্ত তালিকায় সুযোগ করে দেয়। তবে এই লড়াইয়ে শেষ পর্যন্ত সেরা হতে পারেননি বাংলাদেশি ব্যাটার। শান্ত ও পাকিস্তানের বাবর আজমকে পেছনে ফেলে সেরা হয়েছেন আয়ারল্যান্ডের হ্যারি টেক্টর।

আইসিসি সোমবার মে মাসের সেরা ক্রিকেটারের নাম ঘোষণা করেছে। পুরুষ বিভাগের টেক্টর আর মেয়েদের বিভাগে সেরা হয়েছেন থাইল্যান্ডের থিপোয়াচ পুত্থাওং।

আয়াল্যান্ডের প্রথম খেলোয়াড় হিসেবে টেক্টর এই পুরস্কার পেলেন। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ তে হারলেও ব্যাট হাতে দারুণ পারফরর্ম করেছিলেন এই ২৩ বছর বয়সী। পরিত্যাক্ত হওয়া সিরিজের প্রথম ম্যাচে অপরাজিত ২১ রানে পর দ্বিতীয়টিতে ১১৩ বলে ১০ ছক্কা ও ৭ চারে ১৪০ রানের অসাধারণ ইনিংস খেলেন। শেষ ম্যাচে তার ব্যাট থেকে আসে ৪৫ রান।

শান্ত তিন ম্যাচের ওই সিরিজে এক সেঞ্চুরিসহ করেন ১৯৬ রান। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ওয়ানডেতে ৪৫ ওভারে ৩২০ রানের লক্ষ্য ছিল বাংলাদেশের সামনে। যা তাড়ায় শান্ত উপহার দেন ৯৩ বলে ১১৭ রানের ম্যাচ জয়ী দুর্দান্ত ইনিংস।

বাবর নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজের পারফরম্যান্সের জন্য সংক্ষিপ্ত তালিকায় সুযোগ পান।

মেয়েদের বিভাগে শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু ও হার্শিথা সামারাবিক্রমাকে পেছনে ফেলে সেরা হয়েছেন থাইল্যান্ডের থিপোয়াচ পুত্থাওং। তিনি কম্বোডিয়ায় দক্ষিণ-পূর্ব এশিয়ান গেমসে থাইল্যান্ডের সোনা জয়ে বড় অবদান রাখেন। চার টি-টোয়েন্টিতে ১১ উইকেট নেন এই বাঁহাতি স্পিনার।