ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থাপনা চ্যালেঞ্জিং: অতিরিক্ত কমিশনার

ঢাকা শহরে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে দুর্ঘটনাপ্রবণ এলাকা শনাক্তের কাজ শুরু হয়েছে। একই সঙ্গে দুর্ঘটনার কারণসহ বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ ও জনসচেতনতা সৃষ্টির কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিক পর্যায়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগে এ কার্যক্রম শুরু হয়েছে। ডিএমপি জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সঙ্গে ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্ট (ডিআরএসপি) এর আওতায় এ কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (১২ জুন) দুপুরে ডিএমপি সদর দপ্তরে ডিআরএসপি এর তৃতীয় যৌথ সমন্বয় কমিটির সভায় দুর্ঘটনাপ্রবণ স্থান শনাক্তসহ বিভিন্ন বিষয় অবগত করা হয়। সভায় বক্তারা ঢাকা শহরের সড়কের ট্রাফিক ব্যবস্থাপনার নানা চ্যালেঞ্জ তুলে ধরেন।

সভা শেষে ডিআরএসপির পরিচালক ও ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান সাংবাদিকদের বলেছেন, ট্রাফিক ব্যবস্থাপনার দৃষ্টিভঙ্গি থেকে ঢাকা শহর চ্যালেঞ্জিং জায়গা। কারণ ঢাকায় বহুবিধ যানবাহন চলাচল করে। কোনটা ধীরে আবার কোনোটা দ্রুত চলে। যন্ত্রচালিত ও যন্ত্রবিহীন সব যানবাহনই এখানে চলে। একেক জায়গাতে রাস্তার ধরন একেক রকম, যানবাহনও একেক রকম। ফলে রাস্তায় বের হলে জনগনের যদি বিন্দু মাত্র ট্রাফিক রুলস সম্পর্কে ধারণা থাকে তাহলে ওনার সেফটি সিকিউরিটিসহ সড়কের অন্যান্যদের জন্যও ভালো হবে। নূন্যতম সচেতনতা যেন সকলের মধ্যে তৈরি হয় এজন্য আমরা স্কুল পর্যায় থেকে শুরু করেছি।

ডিআরএসপি নগর বাসীকে কিভাবে উপকৃত করবে জানতে চাইলে মুনিবুর রহমান বলেন, ‘এই প্রজেক্টের তিনটি আউটপুট আছে। সেফটি এডুকেশন, ট্রাফিক অ্যাক্সিডেন্ট রিপোর্ট এনালাইসিস ও ট্রাফিক ইনফো্সমেন্ট বাস্তবায়ন করা। ট্রাফিকের বেসিক রুলসই হচ্ছে ট্রাফিক সেফটি এডুকেশন। ঢাকা শহরে দুই কোটির উপরে মানুষ আছে। তারা সকলেই ট্রাফিকের স্টেক হোল্ডার। সবাই কিন্তু রাস্তায় বের হয় এবং ট্রাফিক ব্যবস্থাপনার আওতায় সবাই চলে আসে।’

সভায় ডিএমপির আটটি ট্রাফিক বিভাগের উপ কমিশনার (ডিসি), মিডিয়ার ডিসি ও ডিআরএসপি’র সঙ্গে যুক্ত জাইকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ২০২২ সালের মার্চ মাস থেকে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সঙ্গে ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্ট (ডিআরএসপি) বাস্তবায়ন করছে। ডিআরএসপি হল তিন বছরের জন্য একটি প্রযুক্তিগত সহযোগিতা প্রকল্প যার লক্ষ্য ঢাকা মহানগরীতে ব্যাপক ট্রাফিক নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়নে ডিএমপির সক্ষমতা জোরদার করা।