বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আওয়ামী লীগের ভোট চুরির পরিকল্পনা ধরা পড়েছে, এজন্য তাদের নেতারা চোখে সর্ষে ফুল দেখছে। তারাই পাগলের প্রলাপ বকছে। বুকে সাহস থাকলে বিএনপি মহাসচিবের চালেঞ্জ গ্রহণ করে পদত্যাগ করে নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেখুন,কতটি আসন পান।
সোমবার সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাটের পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে দলীয় কার্যালয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হালুয়াঘাট উপজেলা ও পৌর শাখার প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী নেতারা জানেন, পদত্যাগ করে নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিলে জনগণ তাদের হোয়াইট ওয়াশ করে দেবে। সেই ভয়ে তারা আবারও সাজানো-পাতানো নির্বাচনের ষড়যন্ত্র করছে।
সভায় তিনি বলেন, আওয়ামী লীগ বিশ্বাস ভঙ্গকারী প্রতারক দলে পরিণত হয়েছে। দেশে-বিদেশে কেউ তাদের বিশ্বাস করে না। বার বার প্রমাণিত হয়েছে আওয়ামী লীগের অধীনে কোনও নির্বাচন অবাধ ,নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হতে পারে না।
সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পথে প্রধান প্রতিবন্ধক আওয়ামী লীগ সরকার এ কথা উল্লেখ করে বিএনপির সাংগঠনিক সম্পাদক বলেন, একমাত্র আওয়ামী লীগ সরকারের পদত্যাগ,পার্লামেন্ট বিলুপ্তি এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু ,গণতান্ত্রিক নির্বাচনের পথ সুগম হবে এবং জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা হবে। সরকার যদি দাবি না মেনে একগুয়েমি করে আবারও সাজানো পাতানো নির্বাচনের পথে যায়, তার দায়দায়িত্ব আওয়ামী লীগকেই নিতে হবে।
তিনি বলেন,অচিরেই জনগণের প্রত্যাশা অনুযায়ী চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি আসবে। সেই কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করতে সকলকে সর্বোচ্চ প্রস্তুতি নেয়ার আহ্বান জানান ।
ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও হালুয়াঘাট উপজেলা আহ্বায়ক রুহুল আমিন খানের সভাপতিত্বে ও হালুয়াঘাট পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান দুলালের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন হালুয়াঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলিমুল ইসলাম,পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান সুজন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবদুস শহীদ সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন ফকির,পারভেজ মাহমুদ শহীদুল ইসলাম ,গোলাম রাব্বানী শেখ,শাহাদাত হোসেন,বোরহান উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক খালেদ উজ্জামান আউলিয়া,শরীফুল ইসলাম জাহিদসহ উপজেলার ইউনিয়ন ও পৌর ওয়ার্ড ইউনিট স্বেচ্ছাসেবক দলের সভাপতি,সাধারণ সম্পাদক,আহ্বায়ক,সদস্য সচিবসহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।