ঈদের পর ‘ময়ূরাক্ষী’র মুক্তি

সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘পদ্মাপুরাণ’খ্যাত পরিচালক রাশিদ পলাশের সিনেমা ‘ময়ূরাক্ষী’। খবরটি নিশ্চিত করে নির্মাতা জানিয়েছেন, ঈদের পর ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইয়ামিন হক ববি ও সুদীপ বিশ্বাস দ্বীপ। রাশিদ পলাশ বলেন, ‘ঈদে অনেক ছবির ভিড়ে আমাদের ছবিটা দিতে চাই না। তাই ঈদের পর ছবিটি দর্শকের কাছে নিয়ে যেতে চাই আমরা। খুব শিগগির ছবিটির রিলিজ ডেট ঘোষণা করব।’ পোস্টার রিলিজের মাধ্যমেই এই ছবির আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে গতকাল। গোলাম রাব্বানীর গল্প, চিত্রনাট্য ও সংলাপে ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, সাবিনা পুঁথি, ফারুক, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চলসহ অনেকেই। রয় সন্দীপের চিত্রগ্রহণে ঢাকার বিভিন্ন লোকশনে ছবিটির শুটিং হয়। ছবির সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব, সাউন্ডে কাজ করেছেন রিপন নাথ। গান গেয়েছেন মুহিন খান, পূর্ণতা, তরসা, জাহিদ নিরব।