জীবিত হওয়ার আশায় স্ত্রীর লাশ রাখা স্বামী গ্রেপ্তার

নরসিংদীর মনোহরদী পৌর এলাকায় আবার জীবিত হওয়ার আশায় এক নারীর লাশ ছয় দিন ঘরে রাখার ঘটনায় স্বামী মোক্তার উদ্দীন তালুকদারকে (৬৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল সোমবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে গত শনিবার রাতে পুলিশ ঘরের দরজা ভেঙে খাটের নিচ থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করে। এ ঘটনায় মরদেহ অবমাননা করার অভিযোগে নিহতের বোন রুমানা সুলতানা বাদী হয়ে মোক্তার উদ্দীন তালুকদারকে আসামি করে থানায় মামলা করেন। শামীমা সুলতানা নাজমা (৫৫) নামে এক গৃহবধূর লাশ ফের জীবিত হওয়ার আশায় খাটের নিচে রেখেছিলেন স্বামী মোক্তার ও তার চার মেয়ে।