সরকারবিরোধী আইনজীবীরা গড়লেন নতুন ফ্রন্ট

গত মধ্য মার্চে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট অনাকাক্সিক্ষত পরিস্থিতি কিছুটা স্তিমিত হওয়ার মধ্যেই সরকারবিরোধী সমর্থক আইনজীবীদের নতুন একটি ফ্রন্টের ঘোষণা এসেছে। এর নাম দেওয়া হয়েছে ‘ইউনাইটেড ল ইয়ার্স ফ্রন্ট’ (ইউএলএফ)। এর সঙ্গে যুক্ত আইনজীবীরা বিএনপি ও গণফোরামের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

গতকাল সোমবার সুপ্রিম কোর্ট বার ভবনের দক্ষিণ হলে এক সংবাদ সম্মেলনের এ ফ্রন্টের ঘোষণা দেওয়া হয়। জ্যেষ্ঠ আইনজীবী ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীনকে আহ্বায়ক এবং গণফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক করে ৩৮ জনের কমিটি ঘোষণা করা হয়েছে। ফ্রন্টের প্রধান সমন্বয়ক করা হয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালকে। এ ছাড়া আরও তিনজন সমন্বয়ক হলেন অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল ও অ্যাডভোকেট এ বি এম রফিকুল হক তালুকদার রাজা।

৩৬ জন সদস্যের মধ্যে আছেন জ্যেষ্ঠ আইনজীবী মহসিন রশিদ, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ঢাকা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার।