যমুনা নদীর পরিসর ছোট করা হবে না এমন সিদ্ধান্ত জানার পর এ-সংক্রান্ত রিট আবেদন খারিজ করে দিয়েছে উচ্চ আদালত। গতকাল বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
গত ১২ মার্চ একটি জাতীয় দৈনিকে ‘যমুনা নদী ছোট করার চিন্তা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি যুক্ত করে ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে এ বিষয়ে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করে পরিবেশ ও মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)। গত ২৮ মে হাইকোর্ট এক মৌখিক আদেশে ১১ জুনের মধ্যে এ-সংক্রান্ত প্রকল্পের সব নথি দেখতে চায়।
এর ধারাবাহিকতায় গত রবিবার সব নথি হাইকোর্টে দাখিল করে পানি উন্নয়ন বোর্ড। সংস্থার পক্ষে আইনজীবী অরবিন্দ কুমার রায় আদালতে প্রকল্পের ফাইল দাখিল করে পরিকল্পনা মন্ত্রণালয়ের একটি সভার সিদ্ধান্ত উপস্থাপন করে বলেন, প্রকল্প এখনো চূড়ান্তভাবে পাস হয়নি। সরকার যমুনা নদী ছোট করার প্রচেষ্টা গ্রহণ করেনি, করবেও না। আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ।