বাংলাদেশ মানবাধিকার কমিশনের বিষয়ে সতর্ক করলো জাতীয় মানবাধিকার কমিশন

বাংলাদেশ মানবাধিকার কমিশন নামের একটি সংস্থা ‘কমিশন’ শব্দ ব্যবহার করে চাদাবাজি, মানবপাচার, প্রতারণাসহ নানা অপরাধ কর্মকাণ্ড করে আসছে বলে সতর্ক করেছে জাতীয় মানবাধিকার কমিশন।

মঙ্গলবার (১৩ জুন) রাজধানীর কাওরানবাজারে সংস্থার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই সংগঠনের প্রতারণার নানা ঘটনা তুলে ধরা হয়।

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। লিখিত বক্তব্যে কমিশনের উপ-পরিচালক এম. রবিউল ইসলাম বলেন, বাংলাদেশ মানবাধিকার সংস্থাটি ‘কমিশন’ শব্দটি ব্যবহার করে দেশে বিদেশে বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার কাছে নিজেদের বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্থা হিসেবে পরিচয় দিচ্ছে। এমনকি তারা জাতিসংঘ মানবাধিকার কমিশন কর্তৃক নিবন্ধিত বলে প্রচার করছে। যদিও জাতিসংঘের এ ধরনের কোনো সংস্থা নেই।

তিনি বলেন, উচ্চ আদালত এক রায়ে সংস্থাটির নামের শেষে ‘কমিশন’ কিংবা বিএইচআরসি শব্দ ব্যবহার করতে পারবেনা বলে আদেশ দিলেও তারা এ আদেশ মানছেনা। এ নিয়ে রাষ্ট্রীয় সংস্থা জাতীয় মানবাধিকার কমিশনের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। লিখিত বক্তব্যে আরও বলা হয়, বাংলাদেশ মানবাধিকার কমিশনের মহাসচিব পরিচয় দেওয়া সাইফুল ইসলাম দিলদার ও তাদের সহযোগীরা ডিজিটাল ইলেকট্রনিক প্রতারণার মাধ্যমে ফেইজবুক পেইজ ও ওয়েবসাইটে নানা বিভ্রান্তিমুলক তথ্য প্রচার করছে। এমনকি যুক্তরাজ্য মানবাধিকার কনভেনশন- ২০২৩ নামে একটি গণবিজ্ঞপ্তি প্রচার করে যুক্তরাজ্যে লোক পাঠানোর পায়তারা করে।

কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ বলেন, ‘মানবাধিকার রক্ষার নামে কিছু প্রতারক গোষ্ঠী গড়ে উঠেছে যারা সমস্যা সমাধানের কথা বলে এমনকি বিদেশে পাঠানোর কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করছে। মানুষকে ধোকা দিচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে। সাইফুল ইসলাম দিলদারের গ্রেপ্তারে আমরা স্বস্তি প্রকাশ করছি। এখন আইন শৃঙ্খলা বাহিনী বিষয়টি দেখবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন কমিশনের সার্বক্ষণিক সদস্য সেলিম রেজা, সচিব নারায়ন চন্দ্র সরকার, উপ-পরিচালক ফারহানা সাঈদ প্রমুখ।