গত ঈদে ৮টি সিনেমা মুক্তি পায়। যা এ যাবৎকালের সর্বোচ্চ সংখ্যা। আসন্ন কোরবানির ঈদেও এখন পর্যন্ত ১৩টির মতো সিনেমা মুক্তির কথা শোনা যাচ্ছে। যেগুলো ঈদে মুক্তি দিতে চাইছেন প্রযোজকরা। ঈদে মুক্তির তালিকার প্রথমেই আছে শাকিব খানের ‘প্রিয়তমা’। যদিও সিনেমা শুটিং এখনো চলছে। তবে নির্দিষ্ট সময়ে কাজ শেষ করে ঈদে মুক্তির ব্যাপারে আশাবাদী পরিচালক হিমেল আশরাফ। ইতিমধ্যে সিনেমাটির জন্য হলের মালিকরা যোগাযোগ করেছেন বলেও জানিয়েছেন এ নির্মাতা। প্রিয়তমা সিনেমায় শাকিবের বিপরীতে রয়েছেন কলকাতার ইধিকা পাল।
এ ছাড়া চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’ সিনেমা দিয়ে এই ঈদে দীর্ঘ ৮ বছর পর ফিরবেন মাহফুজ আহমেদ। তার বিপরীতে রয়েছেন শবনম বুবলী। পরিচালক চয়নিকা চৌধুরী জানালেন, ‘এবারের ঈদে যে সিনেমাগুলো মুক্তির মিছিলে আছে, তার সবই অসাধারণ বলে আমি বিশ্বাস করি। আমরা এই দারুণ সময়টাকে মিস করতে চাইনি। ভালো গল্প, ভালো অভিনয়, ভালো নির্মাণ হলে দর্শক হলে যাবে। প্রহেলিকা তেমন একটি সিনেমা। আমার চাওয়া, দর্শক যেন হলে গিয়ে সব সিনেমা দেখে।’
ঈদে ‘অন্তর্জাল’ নিয়ে আসছেন খ্যাতনামা পরিচালক দীপংকর দীপন। অন্তর্জাল দেশের প্রথম সাইবার থ্রিলার সিনেমা। বাংলাদেশের বিরুদ্ধে বিদেশি অপশক্তির ষড়যন্ত্র, সাইবার হামলা আর সেটাকে মোকাবিলার গল্প উঠে আসবে এতে। অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, সুনেরাহ প্রমুখ। সিনেমা প্রসঙ্গে দীপংকর দীপন বলেন, ‘ঈদে যেহেতু অনেক সিনেমা মুক্তি পাচ্ছে, তাই শেষ পর্যন্ত কয়টি হল পাব তা জানি না। তবে এবার ঈদ দর্শকের জন্য উপভোগ্য হবে। বেশ কিছু ভিন্ন স্বাদের সিনেমা দেখতে পারবেন তারা। অন্তর্জাল নিয়ে আমি খুবই আশাবাদী। এমন গল্পের সিনেমা আমাদের দর্শক আগে দেখেননি।’
ছোট পর্দার আফরান নিশোর বড় পর্দায় অভিষেক হচ্ছে এবার ঈদে। রায়হান রাফীর ‘সুড়ঙ্গ’ সিনেমার নায়ক তিনি। তার বিপরীতে থাকছেন তমা মির্জা। এই সিনেমার একটি আইটেম গানে দেখা যাবে নুসরাত ফারিয়াকে। নিরব ও বুবলীর ‘ক্যাসিনো’ সিনেমাটিও মুক্তি পাচ্ছে এবার ঈদে। পরিচালনায় সৈকত নাসির।
সর্বশেষ ঈদে মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা এসেছে ‘রং রোড : অধ্যায় আদুরী’ সিনেমার। পরিচালনা করেছেন আবু তাওহীদ হিরণ। অভিনয়ে মানসী প্রকৃতি ও সাদমান সামীর। ঈদে সিনেমা মুক্তির বিষয়ে হিরণ বলেন, ‘ঈদের সময়েই অনেক দর্শক সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেন। এ কারণে হল সংখ্যা কম হলেও সবাই তাদের সিনেমা ঈদে মুক্তি দিতে চায়।’ এসব সিনেমা ছাড়াও কোরবানির ঈদে মুক্তির কথা শোনা যাচ্ছে জাজ মাল্টিমিডিয়ার ‘মোনা’, অপু বিশ্বাস-সাইমন সাদিকের ‘লাল শাড়ি’, রোশান-বুবলীর ‘রিভেঞ্জ’, ডিপজলের ‘জিম্মি’, রোশানের ‘ওস্তাদ’, ফেরদৌস-পূর্ণিমার ‘আহারে জীবন’।