কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুই সন্ত্রাসী দলের মধ্যে গোলাগুলির সময় এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ভোর ৫টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ১০ ব্লক এইচ-৩২ ব্লকে এ ঘটনা ঘটে।
নিহত যুবক উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১০ ব্লক এইচ-৩২-এর ফজু মিয়ার ছেলে বশির উল্লাহ (৩৫)।
জানা যায়, মঙ্গলবার ভোর ৫টার দিকে উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১০ এর এইচ-৩২ ব্লকে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) ও আরাকান রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সদস্যদের মধ্যে গোলাগুলি হয়। গোলাগুলিতে উভয় দল মিলে আনুমানিক ১০-১২ রাউন্ড গুলি ছোড়ে। গোলাগুলিতে বশির উল্লাহ (৩৫) নামের একজন রোহিঙ্গা শরণার্থী মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।
পরে তাকে উদ্ধার করে ক্যাম্প ৯-এর আইএমও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। কক্সবাজার যাওয়ার পথে আহত রোহিঙ্গা শরণার্থী বশির উল্লাহর মৃত্যু হয়। মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতালে রয়েছে বলে সংশ্লিষ্ট মাঝি আব্দুল হামিদ জানান।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ‘ভোরে রোহিঙ্গা ক্যাম্পে দুই সন্ত্রাসী দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় এক রোহিঙ্গা শরণার্থী মারা যায়। আমরা এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি।’