অগ্রিম কর বাতিলের পক্ষে পরিকল্পনামন্ত্রী

অগ্রিম কর বা এআইটি বাতিলের পক্ষে মত দিয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। তিনি বলেন, ‘বিজনেস কমিউনিটি বিশেষ করে এফবিসিসিআইসহ সংগঠনগুলো এআইটির (অগ্রিম কর) বিরোধিতা করে আসছেন। এআইটি যে পরিস্থিতিতে আরোপ করা হয়েছিল, এখন পরিস্থিতি পাল্টেছে। এখন এটি রাখার দরকার নেই বলে মনে করি।’

গতকাল মঙ্গলবার দ্য ইনস্টিটিউট অব কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের বাজেট আলোচনার প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান।

মন্ত্রী বলেন, ‘এআইটি বাতিল প্রয়োজন এ কারণে যে, আমাদের এনবিআরের সক্ষমতা বেড়েছে, লোকবল বেড়েছে, যন্ত্রপাতি বেড়েছে, আমাদের কম্পিউটার অনেক বেড়েছে। সুতরাং আগাম কেটে নিয়ে পরে আবার ফেরত দেওয়া যায় না। অনেকে এর জন্য ঘোরাফেরা করে, এরকম হওয়া ঠিক নয়।’

অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন রাজস্ব বোর্ডের সাবেক সদস্য রঞ্জন কুমার ভৌমিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুশফিকুর রহমান।