খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদীর বিরুদ্ধে দুর্নীতির মামলার অনুসন্ধান ২০ জুলাইয়ের মধ্যে শেষ করতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) সময় বেঁধে দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (১৪ জুন) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াত খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ সময় দেন।
এর আগে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান আদালতের কাছে সময় আবেদন করেন। তিনি জানান, অনুসন্ধান প্রায় শেষ পর্যায়ে আছে।
মামলার নথি থেকে জানা যায়, সালাম মুর্শেদীর গুলশানের বাড়িটি পরিত্যক্ত হিসেবে তালিকাভুক্ত। ওই বাড়ি সালাম মুর্শেদী দখল করে বাস করছেন। বিষয়টি নিয়ে গণপূর্ত মন্ত্রণালয় রাজউকের কাছে জানতে চাইলেও উত্তরে মেলেনি।
দুদক জানিয়েছে, মামলাটিতে ১৯৬০ সাল থেকে নথি পর্যালোচনা করতে আরেকটু সময় প্রয়োজন।