লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) দল পেয়েছেন বাংলাদেশের উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। তার ভিত্তিমূল্য ২০ লাখ ডলারে (২২ লাখ টাকা) কিনে নিয়েছে গল টাইটানস। দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থেকেও একমাত্র বাংলাদেশি হিসেবে তিনি দল পেলেন। অবিক্রিত থেকে যান একাধিক তারকা ক্রিকেটার।
এলপিএলের নিলামে নাম ছিল ২৪ বাংলাদেশি ক্রিকেটারের। এরমধ্যে ২৩ জনকেই দলে নেয়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। এমনকি গত আসর মাতিয়ে আসা আফিফ হোসেন ধ্রুবকেও এবার টানেনি কেউ। তামিম ইকবাল, লিটন দাস, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ সবাই থেকেছেন অবিক্রিত।
তবে মিঠুনই একমাত্র ক্রিকেটারর নন। এলপিএল মাতাবেন আরও এক বাংলাদেশি। তিনি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তাকে আগেভাগেই সরাসরি চুক্তিতে দলে নিয়েছে গল টাইটানস। টুর্নামেন্টে তাই তিনি মিঠুনকে পাচ্ছেন সতীর্থ হিসেবে।
নতুন মৌসুমকে সামনে রেখে আজ বিকেলে এলপিএলের নিলাম অনুষ্ঠিত হয়। সেখানে ৫০ হাজার ভিত্তিমূল্যে ডাকা হয় মুশফিকুর রহিম ও তামিম ইকবালকে। তাসকিনের ৪০ হাজার ও লিটনের ৩০ হাজার ডলার ছিল ভিত্তিমূল্য। ২০ হাজার ডলার ভিত্তিমূল্য ছিল নাসুম আহমেদের। কিন্তু কেউ তাদেরকে দলে টানেনি।
আগামী ৩১ জুলাই থেকে শুরু হবে এলপিএলের চতুর্থ আসরটি। যা চলবে ২২ আগস্ট পর্যন্ত।