বাংলাদেশ বিমান বাহিনীর ৮২তম বাফা কোর্স ও ডিরেক্ট এন্ট্রি ২০২৩ কোর্সের কমিশন প্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ (গ্রীষ্মকালীন) অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জুন) যশোরে অবস্থিত বিমান বাহিনী একাডেমি প্যারেড গ্রাউন্ডে এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। তিনি গ্র্যাজুয়েটিং অফিসারদের মাঝে পদক এবং ফ্লাইং ব্যাজ বিতরণ করেন।
আইএসপিআর জানায়, অফিসার ক্যাডেট কাশশাফ মাহবুব লাবিব ৮২তম বাফা কোর্সে সেরা চৌকস কৃতিত্বের জন্য ‘সোর্ড অব অনার’, অফিসার ক্যাডেট ওয়াসিফ আহাম্মদ উড্ডয়ন প্রশিক্ষণে সেরা কৃতিত্বের জন্য ‘বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ট্রফি’ এবং অফিসার ক্যাডেট সৈয়দা ফারিহা ইয়াসমিন জেনারেল সার্ভিস প্রশিক্ষণে কৃতিত্বের জন্য ‘কমান্ড্যান্টস্ ট্রফি’ লাভ করেন। ৮২তম বাফা কোর্সে (গ্রাউন্ড ব্রাঞ্চ) সেরা কৃতিত্বের জন্য অফিসার ক্যাডেট সৈয়দা ফারিহা ইয়াসমিন ‘বিমান বাহিনী প্রধানের ট্রফি’ লাভ করেন। এই গ্রীষ্মকালীন সেমিস্টারে ১ নম্বর স্কোয়াড্রন চ্যাম্পিয়ন বিবেচিত হয়ে একাডেমি পতাকা লাভ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার ভাষণ শুরু করেন। তিনি গর্বের সাথে স্মরণ করেন জাতির পিতা একটি আধুনিক বিমান বাহিনীর স্বপ্ন দেখেছিলেন। তার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাহিনীতে সংযোজিত হচ্ছে নতুন নতুন সব সর্বাধুনিক বিমান এবং সরঞ্জামাদি।
তিনি বলেন, বিশ্ব শান্তিরক্ষাসহ দেশের অভ্যন্তরে শৃঙ্খলা বজায় রাখা, দুর্যোগ মোকাবিলা, দুর্গম পাহাড়ি এলাকায় বীজ বপন এবং অন্যান্য দেশে মানবিক সাহায্য প্রেরণ বাংলাদেশ বিমান বাহিনীর দক্ষতা ও পেশাদারত্বের পরিচয় বহন করে। বিমান বাহিনী একাডেমির বিশ্বমানের প্রশিক্ষণ কার্যক্রমকে দৃষ্টান্তমূলক বলে তিনি অভিহিত করেন।
এ কুচকাওয়াজের মাধ্যমে ছয়জন নারী অফিসার ক্যাডেটসহ মোট ২২ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। অফিসার ক্যাডেট একাডেমি সিনিয়র আন্ডার অফিসার কাশশাফ মাহবুব লাবিব আনুষ্ঠানিক কুচকাওয়াজের নেতৃত্ব দেন। কুচকাওয়াজ শেষে বিমান বাহিনী একাডেমির বিভিন্ন প্রকার বিমানের মনোজ্ঞ ফ্লাইপাস্ট ও আকর্ষণীয় এরোবেটিক ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
অন্যান্যদের মধ্যে উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সদ্য কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।