সশস্ত্র মহড়া

সিলেটে কাউন্সিলর প্রার্থী আফতাবের প্রার্থিতা বাতিল

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী স্বেচ্ছাসেবক লীগ নেতা আফতাব হোসেন খানের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। নিজের সমর্থকদের নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাড়ির সামনে সশস্ত্র মহড়া দেওয়ার মাধ্যমে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তার প্রার্থিতা বাতিল করা হয় বলে জানিয়েছে ইসি। গতকাল বুধবার বিকেলে নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নেয়। পরে ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম সাংবাদিকদের সেই তথ্য জানান।

আফতাব হোসেনের প্রার্থিতা কেন বাতিল করা হবে না, তার ব্যাখ্যা দিতে গতকাল তাকে ঢাকায় তলব করেছিল ইসি। বক্তব্য শোনার পর ইসি তার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত নেয়।

এ প্রসঙ্গে ইসি সচিব বলেন, ‘আফতাব হোসেন খানের বিরুদ্ধে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়। তাকে ব্যাখ্যা দিতে ইসিতে হাজির হতে বলা হয়েছিল। তিনি ও তার আইনজীবী উপস্থিত হয়ে ব্যাখ্যা দিয়েছেন। এ সময় ওই প্রার্থীকে অস্ত্রের মহড়া দেওয়ার ভিডিওচিত্র দেখানো হয়। পরে নির্বাচন কমিশন তার প্রার্থিতা বাতিল করে।’

গত সোমবার কমিশন জানিয়েছিল, আফতাবের (ঘুড়ি প্রতীক) বিরুদ্ধে লোকজনসহ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাড়ির সামনে সশস্ত্র মহড়ার অভিযোগ রিটার্নিং অফিসার তদন্ত করে সত্যতা পান। তার প্রার্থিতা বাতিল অথবা তার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে নির্বাচন কমিশনে গতকাল উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়।