ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষ, বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর

চট্টগ্রামে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত ‘তারুণ্যের সমাবেশে’ আসার পথে নগরীর চট্টগ্রাম কলেজের সামনে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছাত্রদলের ৪ কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন সংগঠনের নেতারা। গতকাল বিকেল সোয়া ৩টায় এ ঘটনা ঘটে। পরে নগরীর জামালখান এলাকায় বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করে বিক্ষুব্ধ ছাত্রদল কর্মীরা। এ ঘটনায় যুবদল ও ছাত্রদলের পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, চান্দগাঁও-বাকলিয়া এলাকা থেকে ছাত্রদল-যুবদল কর্মীরা মিছিল নিয়ে সমাবেশে আসার পথে চট্টগ্রাম কলেজের সামনে ছাত্রলীগের একদল কর্মী তাদের ওপর হামলা করে। এ সময় উভয় পক্ষে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।