ময়মনসিংহ-চট্টগ্রাম-সিলেটে অতি ভারী বর্ষণ হতে পারে

সারা দেশেই আজ কম-বেশি ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও অতি ভারী বর্ষণ (৮৯ মিলিমিটার বা তারও বেশি) হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটি বলছে, গত ২৪ ঘণ্টায় আজ সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে ২৭২ মিলিমিটার। এ ছাড়া শ্রীমঙ্গলে ৭৩, ডিমলায় ৩৪, ময়মনসিংহে ২৭, রাজারহাটে ২৬, তেঁতুলিয়ায় ২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

আজ বৃহ্স্পতিবার (১৫ জুন) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা ও বরিশাল বিভাগের অনেক জায়গায়; রংপুর ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, রাজশাহী, যশোর এবং খুলনা জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ ছাড়া ঢাকা ও বরিশাল বিভাগসহ রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। তবে আগামী তিন দিনে আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দেশের অন্যত্র তা সামান্য হ্রাস পেতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সংস্থাটি জানায়, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৪০.৭ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ২২.০ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া খুলনা ও যশোরে ৪০.০, ঈশ্বরদীতে ৩৯.৮, চুয়াডাঙ্গায় ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

পূর্বাভাসে বলা বলছে, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগর মাঝারি অবস্থায় রয়েছে।