শৈশবের স্মৃতিবিজড়িত খেলার মাঠ উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মাশরাফী

জাতীয় ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক ও নড়াইল-২ আসনের জনপ্রিয় সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা তাঁর শৈশবের স্মৃতি বিজড়িত ক্রিকেট খেলার মাঠের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন। নড়াইল সরকারী উচ্চ বিদ্যালয়ের এ মাঠেই খেলাধুলা করে মাশরাফী বিশ্বখ্যাত ক্রিকেট তারকা হয়েছেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তার বাসা থেকে মাত্র ২০গজ দুরে অবস্থিত খেলার মাঠটির উন্নয়ন কাজের উদ্বোধন করেন তিনি।

এ সময় নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল হক চৌধুরী, পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফখরুল হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম, নড়াইল পৌরসভার প্যানেল মেয়র কাজী জহিরুল হক, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বপ্নীল সিকদার নীলসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে মাশরাফী বলেন, ‘ এই খেলার মাঠেই আমার ক্রিকেট খেলার হাতে খড়ি। অনেক স্মৃতি জড়িয়ে আছে এ মাঠকে ঘিরে। নড়াইলের কয়েকটি মাঠ থাকলেও ক্রিকেট খেলার উপযোগী এই মাঠটি। আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই মাঠটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করি। কিন্তু সরকারী মাঠ হওয়ায় কিছু অফিসিয়াল জটিলতার কারণে দেরি হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর ভালবাসায় আমরা মাঠটির উন্নয়নের জন্য প্রাথমিকভাবে ২৫লাখ টাকা দিয়ে শুরু করেছি। মাঠটি পুরোপুরি উন্নয়ন করতে কমপক্ষে এক কোটি টাকার প্রয়োজন। আশা করি বিভিন্ন ব্যবসায়ী ও সরকারী সহযোগিতায় মাঠটির উন্নয়ন কাজ সম্পন্ন হবে। উন্নয়ন কাজ শেষ হওয়ার পর মাঠটি খেলার উপযোগী হতে বেশ কয়েকমাস সময় লাগবে। খেলার উপযোগী হলে এই মাঠ থেকে আরও নতুন নতুন ক্রিকেটারের জন্ম হবে বলে আমি আশা করি।’

জানা গেছে, নড়াইল সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের নিজস্ব এই মাঠটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্পোর্টস, তরুণদের ক্রিকেট খেলাসহ বিভিন্ন ধরনের বড় বড় অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে। বর্ষকালে পানি জমে থাকাসহ নানা কারণে মাঠটি খেলার অনুপযোগী হয়ে পড়েছে। সংস্কার হলে আবারও মাঠে সারা বছর খেলাধুলাসহ নানা অনুষ্ঠানের আয়োজন সম্ভব হবে।