৬ কংগ্রেসম্যানের বক্তব্যের বিরুদ্ধে ১৯২ জনের বিবৃতি

১৯২ বাংলাদেশি-বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক এক যৌথ বিবৃতিতে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে ছয় মার্কিন কংগ্রেসম্যানের দেওয়া বক্তব্য অসত্য উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছেন। ওই কংগ্রেসম্যানরা দাবি করেন যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান সরকারের সময়ে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় ভীতিকর পরিস্থিতির মধ্যে রয়েছে।

সংখ্যালঘু সম্প্রদায়ের নেতা, শিক্ষাবিদ ও যুদ্ধাপরাধবিরোধী প্রচারকদের সমন্বয়ে বিশিষ্ট বাংলাদেশি-আমেরিকানদের যৌথ বিবৃতিতে বলা হয়, ‘আমরা, নিম্নস্বাক্ষরকারী বাংলাদেশি-আমেরিকানরা, কংগ্রেসম্যানদের চিঠি থেকে মিথ্যা তথ্য প্রত্যাহার করার জন্য অনুরোধ করছি।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনকে দেওয়া মার্কিন কংগ্রেসম্যানদের চিঠিতে থাকা এই “ভুল তথ্য” কেবল বাংলাদেশের সংখ্যালঘু অধিকারের বিষয়ে কংগ্রেসম্যানদের অবস্থানের বিশ্বাসযোগ্যতাকেই ক্ষুণ্ন করবে না, অধিকন্তু নিম্নস্বাক্ষরকারী বাংলাদেশি-আমেরিকানদের সুরক্ষা ও নিরাপত্তাকেও ঝুঁকির মধ্যে ফেলবে।’