স্থানীয় সরকারমন্ত্রী

বর্জ্য বিদ্যুৎকেন্দ্র নতুন দিগন্তের উন্মোচন করবে

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্ল্যান্টের মাধ্যমে বাংলাদেশে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আমিনবাজার ল্যান্ডফিলের ‘বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্ল্যান্ট’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের প্রস্তুতি গ্রহণ বিষয়ক এক সভায় তিনি এসব কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে ব্যাপক অর্থনৈতিক উন্নতির পরিপ্রেক্ষিতে দেশের সব মানুষের আয় বৃদ্ধি পেয়েছে। আয় বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ভোগ বৃদ্ধি পাওয়ায় গ্রাম থেকে শহরে সর্বত্র বর্জ্য উৎপাদন বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এ বর্ধিত বর্জ্য নিষ্পত্তি করতে না পারলে দেশের সার্বিক পরিবেশ বিপর্যয় দেখা দেবে। সেজন্য স্থানীয় সরকার বিভাগের নেতৃত্বে গৃহস্থালির বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে দেশের বর্জ্য নিষ্পত্তির প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে; যেটা দেশের জন্য এক যুগান্তকারী অর্জন।’