রবিবার বিনামূল্যে ভিটামিন ‘এ’ খাবে শিশুরা

আগামী ১৮ জুন রবিবার দেশের ২ কোটি ২০ লাখ শিশুকে বিনামূল্যে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। সেদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সব সরকারি স্বাস্থ্যকেন্দ্র এবং অন্যান্য নির্ধারিত স্বাস্থ্যকেন্দ্র থেকে একযোগে এই ক্যাপসুল পাবে শিশুরা। তবে দুর্গম এলাকায় এই ক্যাম্পেইন চলবে টানা চার দিন।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের এসব তথ্য জানান। ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের আয়োজন করেছে জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, এই কর্মসূচির আওতায় ৬-১১ মাস বয়সী ২৫ লাখ শিশুকে নীল রঙের ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৯৫ লাখ শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবার উন্নয়ন হয়েছে, ভিটামিন খাওয়ানো হচ্ছে, সরকারি ভাতা পাচ্ছে সব মিলিয়ে খর্বকায় রোগ কমে এসেছে। মৃত্যুহার প্রায় ২৪ শতাংশ কমে গেছে।

এ সময় মায়েদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, খালি পেটে শিশুদের কেন্দ্রে আনবেন না। খালি পেটে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো যাবে না। অসুস্থ শিশুদের ক্যাপসুল খাওয়ানো হবে না। কোনো মহলের কোনো কথায় কান দেবেন না। শিশুদের কেন্দ্রে নিয়ে এসে টিকা খাওয়াবেন। আমরা আশা করব, একটি শিশুও যেন এই ক্যাম্পেইনের বাইরে না থাকে।