অ্যাশেজ নিয়ে

ট্রটের বাজি ইংল্যান্ড

দিন পাঁচেক আগেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছে অস্ট্রেলিয়া। প্রথম দল হিসেবে তারা ক্রিকেটের সব ধরনের সংস্করণে হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন। সেই রেশ কাটতে না কাটতেই বার্মিংহামে আজ থেকে শুরু হয়েছে অ্যাশেজ। প্রথম টেস্টে অজিরা মুখোমুখি হয়েছে স্বাগতিক ইংল্যান্ডের। সেই ম্যাচে জনাথন ট্রটের বাজি ইংল্যান্ডকে নিয়ে।

সাবেক ইংলিশ ব্যাটসম্যান ব্যাট-প্যাড তুলে রাখার পর নাম লিখিয়েছেন কোচিংয়ে। প্রধান কোচ হিসেবে কাজ করছেন আফগানিস্তান ক্রিকেট দলের সঙ্গে। বর্তমানে তিনি পূর্ণাঙ্গ সিরিজের সফরে আছেন বাংলাদেশে। একমাত্র টেস্টে টাইগারদের বিপক্ষে বিপাকে পড়েছে তার দল।

আগামীকাল চতুর্থ দিনে ৮ উইকেট হাতে রেখে নামবে আফগানরা। জয়ের জন্য প্রয়োজন ৬১৭ রান। এমন পরিস্থিতিতেও তিনি রাখছেন নিজ দেশের ক্রিকেটের খবর। তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে হাজির হলে তার কাছে জানতে চাওয়া হয় অ্যাশেজের বিষয়।

তখন তিনি ইংল্যান্ডের পক্ষে বাজি ধরে ট্রট বলেন, ‘আমি মনে করি ইংল্যান্ড জিতবে।’

এটা কি আশা নাকি ভবিষ্যদ্বাণী? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি আমার হৃদয়ের কথা। পাশাপাশি আমার বিশ্লেষণও তাই বলে।’