হজে এসে ১৩ বছর পর সন্তানের সঙ্গে দেখা

পবিত্র হজপালন করতে এসে নিজ পরিবারের সাক্ষাৎ পেয়েছেন এক হজযাত্রী। আপন মা ও ভাইয়ের সাক্ষাৎ পেয়েছেন আবু হামজা নামে সিরিয়ার এক লোক। গত মঙ্গলবার মক্কায় সিরিয়া থেকে যুদ্ধাহত হজযাত্রীদের একটি কাফেলা পৌঁছলে এমন দৃশ্য দেখা যায়।

আল-জাজিরা মুবাশির সূত্রে জানা যায়, মক্কায় সিরিয়ার আবু ইয়াসিন তার ভাইয়ের জন্য অপেক্ষা করছিলেন। তিনি জানতেন, সিরিয়া থেকে যুদ্ধাহত একটি কাফেলায় তার মা ও ভাই রয়েছেন। কিছুক্ষণ পর তিনি তার ভাই ও মাকে খুঁজে পান। অশ্রুসিক্ত নয়নে তাদের সাক্ষাৎ ঘটে। দীর্ঘদিন পর সন্তানদের কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তাদের মা।

আবু হামজা ৫ বছর আগে রাশিয়ান হামলায় আহত হয়ে পা হারান। এ বছর তিনি সিরিয়ান হজ কমিটি ও আবু তুর্কি ক্যাম্পেইনের তত্ত্বাবধানে পবিত্র হজপালন করতে মক্কায় আসেন।

২০১৩ সাল থেকে সিরিয়ান হজযাত্রীদের নিয়ে কাজ করছে সিরিয়ান হায়ার হজ কমিটি। সংস্থাটি সিরিয়ার জাতীয় জোট (এসএনসি) ও বিরোধী পক্ষের লোকসহ হজ করতে আগ্রহীদের সৌদি আরব যাওয়ার ব্যবস্থা করে থাকে।

সম্প্রতি সৌদি প্রিন্স আবদুল আজিজ বিন ফাহাদ আবু তুর্কির অর্থায়নে সিরিয়ার শারীরিকভাবে আহত ও প্রতিবন্ধী ৫২২ জনের হজ করার ব্যবস্থা করা হয়।