সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের আটজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন সিলেট-সুনামগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বহিরাগত কয়েকজনকে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে না দেওয়ায় নিরাপত্তাকর্মীর সঙ্গে প্রথমে তাদের বাগ্বিত-া হয়। একপর্যায়ে শিক্ষার্থী ও বহিরাগতদের মধ্যে হাতাহাতি হয়। এতে উভয়পক্ষ বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে মুখোমুখি অবস্থান নেয়। উভয়পক্ষই ইটপাটকেল ছুড়তে থাকে। ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে। এরপর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামরুজ্জামান চৌধুরী বলেন, ক্যাম্পাসে ঢুকতে বহিরাগতদের বাধা দিলে তারা নিরাপত্তাকর্মীদের ওপর চড়াও হয়। একপর্যায়ে শিক্ষার্থীরাও বাধা দিলে বহিরাগতদের সঙ্গে বাগ্বিত-া হয়। পরে এটি সংঘর্ষে রূপ নেয়। এখন পরস্থিতি শান্ত আছে। এলাকাবাসীর সঙ্গে বসে বিষয়টি মীমাংসা করা হবে বলে জানান তিনি।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী বলেন, পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বিশ্ববিদ্যালয় এলাকার পরিবেশ এখন শান্ত আছে। কাউকে আটক করা হয়নি। উভয়পক্ষের আটজন আহত হয়েছেন।