মোশাররফ বললেন

১৪ বছরে ৫৯ সাংবাদিককে হত্যা করা হয়েছে

সরকারের ১৪ বছরের শাসনামলে ৫৯ সাংবাদিককে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, ‘জামালপুরের বকশীগঞ্জে একজন চেয়ারম্যানের দুর্নীতির সংবাদ প্রকাশ করায় এক সাংবাদিককে হত্যা করা হয়েছে। সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার পুলিশি প্রতিবেদন পেছানো হয়েছে ১০০ বার। এসব কারণে আজ সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ করার সাহস পাচ্ছেন না।’

গতকাল শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির মিডিয়া সেলের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। ১৯৭৫ সালের ১৬ জুন চারটি পত্রিকা রেখে বাকি সব পত্রিকা বন্ধ করার দিনটিকে গণমাধ্যমের ‘কালো দিবস’ হিসেবে পালন করে আসছে বিএনপি।

খন্দকার মোশাররফ বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসানীতি ঘোষণার পর সরকার বেসামাল হয়ে পড়েছে। সরকারের মন্ত্রীরা একেক সময় একেক কথা বলছেন। কারণ জনগণের আন্দোলনে সরকার আজ ভীত।’