নারায়ণগঞ্জের ভুলতা গাউছিয়ায় ওয়েল্ডিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারজন আহত হয়েছেন। আহতদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে।
শনিবার (১৭ জুন) সকাল সাড়ে ৮টার দিকে ভুলতা গাউছিয়া আউখাবর এলাকায় এই ঘটনা ঘটে।
আহতরা হলেন- ওয়েল্ডিং কারখানায় কর্মচারী তরিকুল ইসলাম (২৩), মাহিম শেখ (১৯), মো. রাসেল (৩০) ও শামীম গাজী (৪০)।
কারখানার কর্মচারী মো. হাবিবুর রহমান জানান, কারখানাটির পাশেই গোডাউনের জন্য নতুন করে একটি ঘর তৈরির কাজ করছিলেন তারা। সকালে স্টিলের পাইপ দিয়ে তৈরি বিশেষ ধরনের মইয়ে (স্ক্যাফোল্ডিং) দাঁড়িয়ে ওয়েল্ডিং করছিলেন। ওই ৪ কর্মচারী ধরে সেই মই এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার সময় ওয়েল্ডিং করার বিদ্যুতের তার মইয়ের সঙ্গে আটকে ছিড়ে বিদ্যুতায়িত হয়ে পড়ে। এতে ওই মইটি ধরে থাকা চারজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়েন। সঙ্গে সঙ্গে তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়।
বার্ন ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসকরা জানান, তাদের কারো অবস্থা আশঙ্কাজনক নয়। আহতদের অবজারভেশনে রাখা হয়েছে। চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হবে।