তামিম-সাকিবকে নিয়েই ওয়ানডে স্কোয়াড, ফিরলেন আফিফ-নাঈম

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট শেষ হতেই ওয়ানডে সিরিজের দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোটের কারণে মিরপুরে অনুষ্ঠিত টেস্ট ম্যাচটিতে খেলতে পারেননি সাকিব আল হাসান ও তামিম ইকবাল। তবে প্রত্যাশা অনুযায়ী ওয়ানডে সিরিজের স্কোয়াডে দুজনই রয়েছেন।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়। সব শেষ ঢাকা প্রিমিয়ার লিগ দুর্দান্ত পারফর্ম করে দুই বছর পর ওয়ানডে দলে জায়গা করে নিয়েছেন মোহাম্মদ নাঈম শেখ। ফিরেছেন আফিফ হোসেন ধ্রুবও।

নাঈম ২০২১ সালে সবশেষ ওয়ানডে খেলেছেন। আফিফ গত মার্চে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পর বাদ পড়েন। চোটের কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে ছিলেন না পেসার তাসকিন আহমেদ। তিনিও ফিরেছেন ওয়ানডে দলে।

এদিকে ইংল্যান্ডের মাটিতে হওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দল থেকে বাদ পড়েছেন রনি তালুকদার, ইয়াসির আলী ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে ৫, ৮ ও ১১ জুলাই। সবগুলো ম্যাচই হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে দল

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব ও মোহাম্মদ নাঈম।