বিএম কলেজে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ

বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত মো.মাইনুল ইসলাম বিএম কলেজের সমাজকল্যাণ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

শনিবার ( ১৭ জুন) বিকেলে কলেজের মুসলিম হল থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া।

এদিকে পুলিশের ধারণা মাইনুল আত্মহত্যা করেছেন।

মৃত মাইনুল ইসলাম হিজলা উপজেলার বাউশিয়া এলাকার বাসিন্দা মো. আব্দুর রহিম হাওলাদারের ছেলে।

কলেজের অধ্যক্ষ মোহাম্মদ গোলাম কিবরিয়া দেশ রূপান্তরকে বলেন, আমাদের কলেজের মুসলিম হলের একটি পরিত্যক্ত কক্ষ থেকে সমাজকল্যাণ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. মাইনুল ইসলামের মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

এ বিষয়ে বরিশাল কোতয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) বিপ্লব কুমার রায় দেশ রূপান্তরকে বলেন, ‘টিন সেটের মুসলিম হোস্টেলের উপরের একটি কক্ষে আমরা ঝুলন্ত অবস্থায় মরদেহটি পেয়েছি। পরে মরদেহের সুরতহাল করা হয়েছে। প্রাথমিক অবস্থায় আমাদের আত্মহত্যা মনে হচ্ছে।’

তবে তদন্তের পরে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।