সিলেট সিটি নির্বাচন

সেই অস্ত্রধারী ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সায়ীদ মো. আব্দুল্লাহর বাসার সামনে অস্ত্র নিয়ে মহড়া দেওয়া আবুল কালাম আজাদ ওরফে তুহিনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গত শুক্রবার মধ্যরাতে মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৯-এর একটি দল। গতকাল শনিবার র‌্যাব-৯-এর মিডিয়া সেলের কর্মকর্তা সিনিয়র এএসপি আফসান-আল-আলম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়ার ঘটনায় হওয়া মামলার পরিপ্রেক্ষিতে সিসি ক্যামেরার ফুটেজ ও তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে তুহিনকে শনাক্ত করে র‌্যাব। এর আগেও তিনি র‌্যাবের হাতে অস্ত্রসহ আটক হয়েছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৮টি মামলা রয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

সাবেক ছাত্রলীগ নেতা আবুল কালাম আজাদ তুহিন সিলেট সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আফতাব হোসেন খানের অনুসারী। আফতাব হোসেন এবারের নির্বাচনেও একই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী।