সেবা দিয়ে মানুষের আস্থা অর্জন করতে হবে : আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, আগামী দিনের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের সক্ষমতা রয়েছে। তিনি গতকাল শনিবার সকালে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) হেডকোয়ার্টার্সে মে মাসের অপরাধ পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

ডিএমপির বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করে আইজিপি বলেন, জনসেবা দিয়ে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে হবে। সব পুলিশ সদস্যের অক্লান্ত পরিশ্রমে আজ আমরা আস্থার জায়গা সৃষ্টি করেছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে, তাই দেশের সামগ্রিক উন্নয়ন হয়েছে। এ অবস্থা ধরে রাখতে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

ডিএমপির ফোর্সদের উৎসাহ দিয়ে তিনি বলেন, ভালো অর্জন ছোট ছোট খারাপ কাজের জন্য নষ্ট হয়ে যায়। যখন সারা দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়েছিল, তখন প্রধানমন্ত্রী জঙ্গিবাদ দমনে যে নীতি গ্রহণ করেছেন আমরা তা অনুসরণ করে জঙ্গিবাদ দমন করতে পেরেছি। আমরা জঙ্গিবাদ দমনে আমাদের সক্ষমতা প্রমাণ করতে পেরেছি।

আইজিপি আরও বলেন, আমাদের জনবল বৃদ্ধি পেয়েছে। দেশের আইনশৃঙ্খলা রক্ষা করে আমরা দেশের উন্নতি সাধন করতে পেরেছি। আমরা এখন সাধারণ মানুষকে কোয়ালিটি সার্ভিস দিতে পারছি। বাংলাদেশ পুলিশ স্বাধীনতা পদকপ্রাপ্ত একটি প্রতিষ্ঠান।