সড়ক-মহাসড়কে কোনো পশুর হাট বসতে দেওয়া হবে না। কেউ হাট বসানোর চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে। এজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কড়া বার্তা দেওয়া হয়েছে। ভারত ও মিয়ানমার থেকে যেন কোনো পশু বাংলাদেশে আসতে না পারে, সেজন্য কড়াকড়ি আরোপ করা হয়েছে। পশুর হাটে হাসিলের সাইনবোর্ড দৃশ্যমান জায়গায় হতে হবে। জালনোট শনাক্তকরণ মেশিন ও এটিএম বুথ থাকবে প্রতিটি পশুর হাটে। গতকাল রবিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সভাকক্ষে ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলাসংক্রান্ত কমিটির সভা শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ঢাকা মহানগর পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক, র্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন, এসবির প্রধান মনিরুল ইসলামসহ ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।