গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্তের বৈধতা নিয়ে দেওয়া রুল নিষ্পত্তি করেছে উচ্চ আদালত। গতকাল রবিবার বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়।
পূর্ণাঙ্গ রায়ে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানান সংশ্লিষ্ট আইনজীবীরা।
২০২১ সালের সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে গাজীপুর মহানগর আওয়ামী লীগের তখনকার সাধারণ সম্পাদক ও ওই সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীরকে মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা ও বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্কিত ও কটু মন্তব্য করতে শোনা যায়। এর জের ধরে ওই বছরের ১৯ নভেম্বর তাকে দল থেকে বহিষ্কার করে আওয়ামী লীগ। কয়েক দিন পর অনিয়মসহ বিভিন্ন অভিযোগে তাকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।