ঈশ্বরদীতে গুলিতে যুবলীগকর্মী নিহত

পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে তাফসির আহম্মেদ মনা (২৪) নামে এক যুবলীগকর্মীর মৃত্যু হয়েছে। শনিবার রাত ১১টার দিকে ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের এমপির মোড়ে পাবনা ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন অফিসে ওই ঘটনা ঘটে।

মনা ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর পাকার মোড় এলাকার সৌদিপ্রবাসী তানজির রহমান তুহিনের ছেলে ও হাতকাটা টুনটুনির ছোট ভাই।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ জানায়, শনিবার রাতে তাফসির আহম্মেদ মনা এমপি মোড়ের শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে ইকবুল হোসেন নামে এক সহযোগীকে সঙ্গে নিয়ে বসে ছিলেন। এ সময় চার-পাঁচজনের অস্ত্রধারী একদল সন্ত্রাসী মাথায় হেলমেট পরে কার্যালয়ে প্রবেশ করে। তারা মনাকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন গুলিবিদ্ধ অবস্থায় মনাকে উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই ইকবুল পলাতক বলে জানা গেছে।

নিহতের পারিবারিক সূত্র জানায়, তাফসির আহম্মেদ মনা পাকশী ইউনিয়নের রূপপুর ফটু মার্কেটসংলগ্ন পদ্মা নদী থেকে মাটি ও বালু উত্তোলনের সঙ্গে জড়িত ছিলেন। এ নিয়ে স্থানীয় প্রতিপক্ষ যুবলীগ ও ছাত্রলীগের কিছু নেতাকর্মীর সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় যুবলীগকর্মী তাফসির আহম্মেদ মনার পক্ষের অন্য যুবলীগকর্মী শাহিনের মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনায় প্রতিপক্ষ যুবলীগকর্মী লিটন, লিখন, রাজিব, শাকিল, মুক্তার হোসেন রিংকু এবং জুলা লিখনকে আসামি করে ঈশ্বরদী থানায় মামলা করা হয়। ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার জানান, অনেক বিষয় সামনে নিয়ে তদন্ত করা হচ্ছে, একটি মোটরসাইকেল পোড়ানোর ঘটনাও ওই হত্যাকা-ের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে।