প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগ ও নির্বাচন কমিশন (ইসি) বাতিলের দাবিতে নির্বাচন কমিশন কার্যালয় অভিমুখী গণমিছিলের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ২১ জুন সকাল ১০টায় এই কর্মসূচি হবে জানিয়ে দলটির আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, দেশে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সরকারকে পদত্যাগ করে জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
গতকাল রবিবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই কর্মসূচি ঘোষণা করেন।
রেজাউল করীম বলেন, ‘১২ জুন বরিশাল সিটি নির্বাচনের ঘটনায় সরকারদলীয় সন্ত্রাসীরা কতটা নির্মম ও পৈশাচিক ছিল তা ভাষায় প্রকাশ করার মতো নয়। দলের নেতাকর্মীদের ওপর আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠীর বর্বরোচিত হামলা, বরিশাল, খুলনা সিটি নির্বাচনে ভোট ডাকাতির ধারা অব্যাহত রাখার প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে বিকারগ্রস্ত প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও অথর্ব নির্বাচন কমিশন বাতিল এবং জাতীয় সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি করছি।’
এ সময় তিনি ৫ দফা প্রস্তাব, ৮ দফা দাবি এবং ২ দফা কর্মসূচি ঘোষণা করেন।