মদ্রিচদের স্বপ্ন ভেঙে নেশনস লিগের শিরোপা স্পেনের

খেলার নির্ধারিত সময়ে গোল পায়নি কোনো দল। অতিরিক্ত সময়েও কেউ কাউকে দেয়নি ছাড়। আর তাই ফাইনাল গড়ায় টাইব্রেকারে। সেখানেই স্বপ্ন ভাঙে ক্রোয়েশিয়ার। স্পেনের কাছে পেনালটি শ্যুটআউটে ৪-৫ গোলের ব্যবধানে হেরে শিরোপা বঞ্চিত হয় তারা। গোলরক্ষক উনাই সিমনের নৈপুণ্যে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা প্রথম বার এই টুর্নামেন্ট জয়ের স্বাদ পায়।

রবিবার রটারডামে দুই দলই প্রথম তিন শটে জালের দেখা পায়। ক্রোয়েশিয়ার চতুর্থ শট নিতে এসে ব্যর্থ হন লভরো মাইয়ের, তার শট ঝাঁপিয়ে পড়া অবস্থায় পা দিয়ে আটকান সিমন। এরপর মার্কো আসেনসিও জালে বল জড়ালে এগিয়ে যায় স্পেন।

ক্রোয়েশিয়ার চতুর্থ শট নেওয়া ইভান পেরিসিচ সফল হলে স্কোরলাইন দাঁড়ায় ৪-৪, কিন্তু একটি শট তখন হাতে ছিল স্পেনের। ম্যানচেস্টার সিটির হয়ে ট্রেবল জয়ী সফল হলে শিরোপা নিশ্চিত হয়ে যেত তাদের, কিন্তু ক্রসবারে মেরে বসেন তিনি। নতুন করে আশা জাগে কাতার বিশ্বকাপের সেমি-ফাইনালিস্টদের।

তবে আবারও সিমোনের দৃঢ়তা এবং ব্রুনো পেতকোভিচের ব্যর্থতায় ভেস্তে যায় তাদের সব আশা। ডান দিকে ঝাঁপিয়ে তার শট ঠেকিয়ে দেন আথলেতিক বিলবাওয়ের গোলরক্ষক। এরপর দানি কারভাহাল লক্ষ্যভেদ করতেই উল্লাসে ফেটে পরে স্পেনের সবাই।

২০১০ সালের বিশ্বকাপ জয়ী স্পেন তিনবার জিতেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। তাদের সবশেষ শিরোপা সাফল্য ধরা দেয় ২০১২ সালে, ইউরো। ১১ বছর বাদে ফের চ্যাম্পিয়ন হওয়ার মিষ্টি স্বাদ পেল তারা।

একটি শিরোপার জন্য মরিয়া হয়ে ওঠা দেশটির কোচ-খেলোয়াড় থেকে শুরু করে সবাই স্বপ্ন বুনছিল এই ফাইনাল ঘিরে। শেষ পর্যন্ত সেটা আর বাস্তবে রূপ নিল না।