সিদ্ধান্ত চূড়ান্ত হলেও এখনই বলবেন না মদ্রিচ

আরও একবার স্বপ্ন ভাঙল লুকা মদ্রিচের। শিরোপা কাছে গিয়েও ফিরতে হলো শূন্য হাতে। পাঁচ বছরের ব্যবধানে তিনবার হৃদয়ে রক্তক্ষরণ হলো তার। ৩৭ বছর বয়সী এই ক্রোয়েট অধিনায়ক, ‘এবার হবে’ এই আশায় বুক বেধেছিলেন। কিন্তু উয়েফা নেশনস লিগের ফাইনালে স্পেনের কাছে টাইব্রেকারে হেরে শিরোপা বঞ্চিত হয়েছে ক্রোয়েশিয়া।

ধারণা করা হয়েছিল, উয়েফা নেশনস লিগের ট্রফি উঁচিয়ে ধরে ফুটবলকে বিদায় জানাবেন মদ্রিচ। কিন্তু শিরোপা হারিয়ে নিজের ভবিষ্যৎ নিয়ে কিছুই বলেননি তিনি। তার বয়স বলছে, ক্রোয়েশিয়ার হয়ে শিরোপা জয়ের সুযোগ সম্ভবত আর পাবেন না এই মিডফিল্ডার। ফাইনাল শেষে মিক্সড জোনে মদ্রিচকে তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করেছিলেন সংবাদকর্মীরা। রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেললেও কিছু জানাননি।

নেশনস লিগ ফাইনালের আগে ক্রোয়েশিয়ার সংবাদমাধ্যম ‘ইউতারনি লিস্ট’ জানিয়েছিল, এই ম্যাচের পর নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিতে পারেন মদ্রিচ। আর সেটা হতে পারে জাতীয় দলের হয়ে তিনি আরও কিছুদিন খেলে যেতে চান। স্টেডিয়ামের মিক্সড জোনে মদ্রিচ এ নিয়ে মুখ খুললেও তার কথা থেকে কিছু নিশ্চিত হওয়ার উপায় নেই। সিদ্ধান্ত তিনি নিয়েছেন, কিন্তু সে কথাটা বলার সময় এখন নয়, এটাই জানিয়ে মদ্রিচ বলেছেন, ‘সিদ্ধান্তটা আমি চূড়ান্ত করেছি। কিন্তু এ বিষয়ে এখনই কিছু বলব না।’

তিন দশক ধরে ক্রোয়েশিয়ার হয়ে ৯টি টুর্নামেন্টে খেলেছেন। দেশটির একমাত্র ব্যালন ডি’অর জয়ী ফুটবলারও মদ্রিচ। ক্রোয়েশিয়া তাদের ইতিহাসে যে দুটি টুর্নামেন্টের ফাইনালে উঠেছে, সেখানে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়ও ছিলেন মদ্রিচ। ম্যাচও খেলেছেন দেশের হয়ে সবচেয়ে বেশি। ক্যারিয়ারের গোধূলিলগ্নে এসে শিরোপা জেতানোর সুযোগ পেয়েছিলেন, কিন্তু সেটাও হলো না। তাই যেকোনো সময় অবসর ঘোষণা করতে পারেন এমন গুঞ্জনই শোনা যাচ্ছে।