বেশ কয়েকদিন ধরেই রাশিয়ার দখলে থাকা ভূখণ্ড পুনরুদ্ধারে পাল্টা আক্রমণ চালাচ্ছে ইউক্রেন। গত সপ্তাহে শুরু হওয়া ইউক্রেনের পাল্টা আক্রমণের জেরে ফ্রন্ট লাইনে তীব্র সংঘর্ষ চলছে রুশ বাহিনীর সঙ্গে।
তবে রাশিয়ার কার্যকর প্রতিরক্ষামূলক অবস্থানের মধ্যেও সফলতা পাচ্ছে ইউক্রেনীয় বাহিনী। সর্বশেষ জাপোরিঝিয়া অঞ্চলের আরও একটি গ্রাম দখলে নিয়েছে ইউক্রেনীয় সৈন্যরা। পাল্টা আক্রমণ শুরুর পর থেকে ফ্রন্ট লাইনে কিয়েভের দ্বিতীয় সফলতা হল জাপোরিঝিয়া অঞ্চলের পিয়াতিখাটকি গ্রাম।
সোমবার (১৯ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
আংশিক-অধিকৃত জাপোরিজিয়া অঞ্চলে রুশ স্থাপিত কর্মকর্তা ভ্লাদিমির রোগভ টেলিগ্রামকে জানান, ইউক্রেন গ্রামটির "অপারেশনাল নিয়ন্ত্রণ" নিয়েছে এবং রুশ সেনারা গুলি বর্ষণের মাধ্যমে পাল্টা আক্রমণ করার চেষ্টা করছে।
যদিও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি ইউক্রেনের পক্ষ থেকে। এর আগে ১২ জুন ইউক্রেন জানায় যে, তারা পিয়াতিখাটকির পাশের একটি গ্রাম লোবকোভের নিয়ন্ত্রণ নিয়েছে।
এদিকে রবিবার যুক্তরাজ্যের এক গোয়েন্দা মূল্যায়ন অনুসারে, পাল্টা আক্রমণ শুরু হওয়ার পর থেকে জাপোরিজিয়া হল সবচেয়ে তীব্র লড়াইয়ের স্থান। এ ছাড়াও বাখমুত শহরের আশেপাশে এবং ইউক্রেনের পূর্ব দোনেটস্ক অঞ্চলে যুদ্ধ চলছে বলে জানায় যুক্তরাজ্য।
এ ছাড়া ইউক্রেনের দক্ষিণে রাশিয়ান বাহিনীর তুলনামূলক কার্যকর প্রতিরক্ষামূলক অভিযান পরিচালনার সত্ত্বেও ইউক্রেন এই অঞ্চলে আক্রমণাত্মক অবস্থানে রয়েছে এবং ছোট ছোট অগ্রগতি লাভ করছে বলে গোয়েন্দা মূল্যায়নে বলা হয়।
এদিকে পশ্চিমা বিশ্লেষক এবং সামরিক কর্মকর্তারা সতর্ক করে বলছেন, যে ১০০০ কিলোমিটার (৬২০ মাইল) ফ্রন্ট লাইন বরাবর দখলকৃত এলাকা থেকে রাশিয়ান বাহিনীকে সরাতে ইউক্রেনের পাল্টা আক্রমণ দীর্ঘ সময় স্থায়ী হতে পারে।
ইউক্রেনের সামরিক বাহিনী রোববার জানিয়েছে যে গত ২৪ ঘণ্টায় রাশিয়া ৪৩টি বিমান হামলা, চারটি ক্ষেপণাস্ত্র হামলা এবং ৫১টি রকেট হামলা চালিয়েছে।