উচ্চ আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেয়েছে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ)। দলটি প্রতীক হিসেবে পেয়েছে মোটরগাড়ি। এ নিয়ে ইসিতে নিবন্ধিত দলের সংখ্যা দাঁড়াল ৪২টি। গতকাল সোমবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন সচিবালয়।
গতকাল বিষয়টি নিশ্চিত করে ইসির যুগ্ম সচিব মো. আবদুল বাতেন বলেন, ইসি সচিব মো. জাহাংগীর আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপন গত রবিবার গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী দলটি নিবন্ধন পেয়েছে।
দলটির সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা সব নিয়ম মেনে আবেদন করেছিলাম। কিন্তু দুটি জেলা শাখায় নির্বাচন কমিশন অসংগতি দেখিয়ে আবেদন বাতিল করে। তারপর আমরা আদালতের দ্বারস্থ হই। শেষ পর্যন্ত আদালতের আদেশে আমাদের নিবন্ধন দেওয়া হয়েছে।’ তিনি বলেন, আমরা দলের প্রতীক হিসেবে হাতি বা আনারস চেয়েছিলাম। কিন্তু কমিশনের কাছে এ ধরনের প্রতীক নেই। তাদের যেসব প্রতীক রয়েছে সামগ্রিক বিবেচনায় আমরা মোটরগাড়ি বেছে নিয়েছি।