শেন ওয়ার্নের বায়োপিকে পরিবারের আপত্তি

বিংশ শতাব্দীর সেরা বলটি অস্ট্রেলিয়ার কিংবদন্তী ক্রিকেটার শেন ওয়ার্নের হাত থেকেই বেরিয়েছিল। মনে করা হয়, লেগ স্পিন শিল্পের সবচেয়ে নিখুঁত শিল্পী তিনি। বিশ্ব ক্রিকেটকে একসময় মাতিয়েছেন তার বাঁ হাতের জাদুতে। তার স্পিন ঘূর্ণিতে কাবু হয়েছেন কতশত ব্যাটসম্যান। টেস্ট ক্রিকেটের প্রথম ৭০০ উইকেটের মালিকও তিনিই। তবে ক্রিকেট ক্যারিয়ারটা যেমন বর্ণিল, মাঠের বাইরের জগৎটা তার তেমনই বিতর্কিত। মাদক থেকে শুরু করে নারী! সবকিছুতেই জড়িয়েছে তার নাম।

প্রয়াত এই অস্ট্রেলিয়ান ক্রিকেটারের বিতর্কিত এসব অধ্যায় নিয়ে গত বছর একটি টিভি সিরিজ নির্মাণের ঘোষণা দিয়েছিল টেলিভিশন নেটওয়ার্ক চ্যানেল নাইন। ‘বিয়ন্ড ডিসরেসপেক্টফুল’ নাম দেওয়া হয়েছিল। পরে নাম পরিবর্তন করে রাখা হয় ‘ওয়ার্নি’। যেখানে ওয়ার্নের বর্ণাঢ্য ক্যারিয়ারের পাশাপাশি জীবনের বিতর্কিত অধ্যায়গুলোও রাখা হয়েছে।

দুই পর্বের এই ধারাবাহিকটি মুক্তি পাবে আগামী ২৫ ও ২৬ জুন। কিন্তু তার আগেই আপত্তি উঠেছে পরিবারের পক্ষ থেকে। টিভি সিরিজটি প্রচারের আগে ওয়ার্নের পরিবারকে আলাদাভাবে দেখানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সেই প্রস্তাব পরিবারের সদস্যরা নাকচ করে দিয়েছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার শীর্ষ দৈনিক সিডনি মর্নিং হেরাল্ড। চ্যানেল নাইন আর সিডনি মর্নিং হেরাল্ড একই মালিকানাধীন সংবাদমাধ্যম।

স্ত্রী সিমোন কালাহানের সঙ্গে বিচ্ছেদের পর বাবা–মা এবং তিন সন্তান জ্যাকসন, ব্রুক ও সামারকে নিয়ে থাকতেন ওয়ার্ন। তবে চ্যানেল নাইন–এর কর্মকর্তারা সাবেক স্ত্রী কালাহানকেও টিভি সিরিজটি দেখার আমন্ত্রণ জানান। ওয়ার্নের পরিবারের মতো কালাহানও সেই আমন্ত্রণে সাড়া দেননি।

ট্যাবলয়েড পত্রিকা হেরাল্ড সানকে তিনি বলেন, ‘এটা কিছুটা নির্মম ও কুরুচিপূর্ণ। সে (ওয়ার্ন) কিছুদিন আগে সবাইকে ছেড়ে চলে গেছে। ওকে একটু শান্তিতে থাকতে দিন। আমার বিশ্বাস, সন্তানেরাও এ ব্যাপারে কোনো সহানুভূতি দেখাবে না।’

টিভি সিরিজটিতে ওয়ার্নের চরিত্রে অভিনয় করেছেন অ্যালেক্স উইলিয়ামস, তার সাবেক স্ত্রীর চরিত্রে মার্নি কেনেডি আর সাবেক বাগদত্তা লিজ হার্লির চরিত্রে শান্তি কালি। শুটিংয়ে অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য ধারণ করতে গিয়ে কদিন আগে আহতও হয়েছিলেন অভিনেতা উইলিয়ামস ও অভিনেত্রী কেনেডি। চিকিৎসা নিতে হাসপাতালেও যেতে হয়েছিল তাদের। তবে শেষ পর্যন্ত ভালোভাবেই শুটিং সম্পন্ন হয়েছে।

ওয়ার্নের সাবেক ম্যানেজার ও ঘনিষ্ঠ বন্ধু জেমস এর্সকিনও চ্যানেল নাইন কর্তৃপক্ষের তীব্র সমালোচনা করেছেন, ‘চ্যানেল নাইন আমার মাধ্যমেই সবার কাছে প্রস্তাব পাঠিয়েছে। চ্যানেলটিকে এত দিন যথেষ্ট সম্মান দেখানো হয়েছে। কিন্তু (ওদের বোঝা উচিত) প্রত্যেকের ভিন্ন মতামত থাকতে পারে। ওদের মনে রাখা উচিত ছিল এটা একটা নাটক, ঐতিহাসিক প্রামাণ্যচিত্র নয়। ওদের লজ্জা হওয়া উচিত।’

খেলোয়াড়ি জীবনকে বিদায় বলার পর চ্যানেল নাইনের ধারাভাষ্যকার হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন ওয়ার্ন। সেই প্রতিষ্ঠানটিই ওয়ার্নকে নিয়ে নির্মাণ করছে এমন বিতর্কিত বায়োপিক। গত বছরের সেপ্টেম্বরে টিভি সিরিজটি প্রচারের ঘোষণা দেওয়ার পর তোপের মুখেও পড়েছিলেন চ্যানেলটির নির্বাহীরা। ওয়ার্নের বড় মেয়ে ব্রুক চ্যানেল নাইন কর্তৃপক্ষের সমালোচনা করেন তখন।