বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) পঞ্চদশ বার্ষিক সিনেট সভা অনুষ্ঠিত হয়েছে। বিইউপির বিজয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপাচার্য ও সিনেট চেয়ারম্যান মেজর জেনারেল মো. মাহ্বুব-উল আলম। সভার শুরুতে উপাচার্য বিদায়ী সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং নবনিযুক্ত সদস্যদের স্বাগত জানান।
সভায় ট্রেজারার এয়ার কমোডর মো. শফিকুল ইসলাম ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত বাজেট ১১৭ কোটি ৯৬ লাখ টাকা ও ২০২৩-২৪ অর্থবছরের ১২৯ কোটি ৫৯ লাখ টাকার বাজেট উপস্থাপন করেন। সিনেট সদস্যরা ট্রেজারারের বক্তৃতার ওপর আলোচনা করেন এবং সর্বসম্মতিক্রমে বাজেট প্রস্তাব অনুমোদন করেন।
বিইউপির পাবলিক রিলেশন্স, ইনফরমেশন অ্যান্ড পাবলিকেশন্সের (পিআরআইপি) চিফ এয়ার কমোডর সৈয়দ ফকরুদ্দিন মাসুদ কর্তৃক উপস্থাপিত ১৫তম বার্ষিক প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। পঞ্চদশ বার্ষিক সিনেট সভাটি সার্বিকভাবে সঞ্চালনা করেন বিইউপির রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম ফয়সাল বাতেন।
সিনেট সভায় আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খান, সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম (বীর-উত্তম), সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ এবং সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমান। এ ছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিইউপি উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি