তামাকের দাম বৃদ্ধি

সংসদে অর্থমন্ত্রীর ব্যাখ্যা দাবি করলেন

তামাকের দাম বাড়ানোর সমালোচনা করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেছেন, অর্থমন্ত্রী বাজেটে সব পণ্যের ওপর ভ্যাট-ট্যাক্স বাড়ান, কিন্তু শুধু একটি পণ্যের দাম সরাসরি বাড়ান। সেটি হলো তামাক ও তামাকজাত পণ্য। পরোক্ষভাবে তামাক ব্যবসায়ীদের সুবিধা দেওয়া হচ্ছে। তিনি এ বিষয়ে সংসদে ব্যাখ্যা দেওয়ার জন্য অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন।

গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ দূত সাবের হোসেন চৌধুরী বলেছেন, দেশে প্রতি বছর তামাকের জন্য ১ লাখ ৬১ হাজার মানুষ মারা যান। কভিডেও এত মানুষ মারা যাননি। কভিডে ৩ বছরে ৩০ হাজার লোক মারা গেছেন। তিনি বলেন, ‘বাজেটে কর বাড়ানোর জন্য জিনিসপত্রের দাম বাড়ে। আর অর্থমন্ত্রী নিজেই তামাকপণ্যের দাম বাড়িয়ে দেন। এভাবে দাম বাড়িয়ে তামাক কোম্পানিকে উনি মুনাফার একটা সুযোগ করে দিচ্ছেন। কর যদি আরোপই করতে হয়, এমনভাবে করেন যাতে সরকার শতভাগ কর পায়।’