করোনালকালে জরুরি ভিত্তিতে হাসপাতালে টেকনোলজিস্ট, মেডিকেল টেকনিশিয়ান ও কার্ডিওগ্রাফারসহ আড়াই হাজার পদের নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে নিয়োগ কমিটির সভাপতি ও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালকসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে-১ সংস্থাটির উপপরিদর্শক মো. ফারুক হোসেন বাদী হয়ে মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. শফিউল্লাহ।
মামলায় আসামিরা হচ্ছেন স্বাস্থ্য অধিদপ্তরের তৃতীয় ও চতুর্থ শ্রেণির নিয়োগসংক্রান্ত কমিটির সভাপতি ও সাবেক পরিচালক ডা. শেখ মোহাম্মদ হাসান ইমাম, সদস্য সচিব ডা. আ ফ ম আখতার হোসেন, খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. হারুনুর রশিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান মো. শাওকত আলী।
এজাহারে বলা হয়, আসামিরা যোগসাজশে অসৎ উদ্দেশ্যে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, জাল-জালিয়াতির মাধ্যমে খাতা প্রণয়ন ও খাঁটি হিসেবে ব্যবহার এবং অপরাধমূলক অসদাচরণ করে নিয়োগ পরীক্ষায় অফিশিয়ালি সরবরাহকৃত উত্তরপত্র বর্তমানে থাকা উত্তরপত্র দ্বারা কোনো একপর্যায়ে প্রতিস্থাপিত করেছেন। কভিড-১৯-এ আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে বিভিন্ন পদে ২ হাজার ৭৯৮টি শূন্যপদে জনবল নিয়োগের জন্য ২০২০ সালের ২৩ জুলাই ছাড়পত্র দেওয়া হয়। এসব পদে ৭২ হাজার ৬১৫ জন প্রার্থী আবেদন করেন। আবেদনকারী ২৩ হাজার ৫২২ জনের অনুকূলে অনলাইনে টেলিটকের মাধ্যমে প্রবেশপত্র ইস্যু করা হয়। লিখিত পরীক্ষা গ্রহণের জন্য লিথোকোড সংবলিত খাতা প্রণয়নের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের চুক্তি হয়। চুক্তি মোতাবেক নিয়োগ কমিটির কাছে খাতা পাঠায়।