‘জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হিন্দু ভাইদের পাশে থাকব’

কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমাদের মধ্যে যে সম্পর্ক, সেটা হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। যে সম্পর্ক গড়ে উঠেছে, এটা অক্ষুণœ থাকবে। আওয়ামী লীগ হলো ধর্মনিরপেক্ষ, অসাম্প্রদায়িক দল। কেউ যদি আঘাত করতে আসে, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হিন্দু ভাইদের পাশে থাকব ইনশাআল্লাহ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় টাঙ্গাইলের মধুপুরে হিন্দু সম্প্রদায়ের রথযাত্রা দেখতে গিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় কৃষিমন্ত্রী মধুপুরের নিত্যানন্দ সেবা আশ্রম পরিদর্শন করেন। মধুপুরের হিন্দু সম্প্রদায়ের লোকরা রথযাত্রায় তাদের নানা বয়সের মানুষ অংশ নেয়। রথযাত্রা টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের নতুন বাজার সেবা আশ্রম থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। তারা আষাঢ়ের শুরুতে দ্বিতীয়া তিথিতে প্রতি বছরের মতো এবারও রথযাত্রা করে।

এ সময় হিন্দু সম্প্রদায়ের লোকজন ছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর পৌরসভা মেয়র আলফাজ সিদ্দিক হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইয়াকুব আলী, ভাইস চেয়ারম্যান শরীফ আহমদ নাসির, যষ্ঠিনা নকরেক, সাবেক ভাইস চেয়ারম্যান ডা. মীর ফরহাদুল আলম প্রমুখ।