বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সদর দপ্তর কৃষি ভবনের সেমিনার হলে গতকাল মঙ্গলবার ‘বীজ আলু ও উচ্চমূল্যের উদ্যান ফসলের বীজ/চারা উন্নয়ন ও বর্ধিতকরণে জীবপ্রযুক্তি প্রকল্পের পারঙ্গমতা দ্বিতীয় বছরের অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘জীবপ্রযুক্তির মাধ্যমে কৃষিবীজ উন্নয়ন ও বর্ধিতকরণ প্রকল্প’-এর উদ্যোগে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিএডিসির চেয়ারম্যান আবদুল্লাহ সাজ্জাদ এনডিসি। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিএডিসির চেয়ারম্যান বলেন, ‘প্রতিনিয়ত আবাদি জমি কমছে, পক্ষান্তরে মানুষ বেড়েই চলছে। ক্রমবর্ধমান মানুষের জন্য কৃষি উৎপাদন দ্বিগুণ করতে হবে।
কৃষিকে যান্ত্রিকীকরণ ও বাণিজ্যিকীকরণের মাধ্যমে লাভজনক কৃষিতে পরিণত করতে হবে। দেশের পাহাড়ি ও হাওর এলাকায় কৃষি উৎপাদন বাড়াতে হবে।’ বিজ্ঞপ্তি