উত্তরাঞ্চলে অতি ভারী বর্ষণ হতে পারে

দেশের উত্তরাঞ্চলে অতি ভারী বর্ষণের আভাস দিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের অন্যত্রও আজ ভারী বর্ষণ হতে পারে।

সংস্থাটি বলছে, গত ২৪ ঘণ্টায় আজ সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১২৫ মিলিমিটার। এ ছাড়া ডিমলায় ১২৪, রাজারহাটে ৯৯, সিলেটে ৪৮, মাদারীপুরে ৪৫, রংপুরে ৪৪, শ্রীমঙ্গলে ৪১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

আজ বুধবার (২১ জুন) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ‌উত্তরাঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, পরবর্তী তিন দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে আজ সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সংস্থাটি জানায়, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মোংলায় ৩৭.০ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজারহাটে ২২.৫ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাসে বলা বলছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হতে বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগর মাঝারি অবস্থায় রয়েছে।