৯০ লাখ ইউরো বেতনে বার্সেলোনায় গুনদোয়ান

ম্যানচেস্টার সিটির ট্রেবলজয়ী অধিনায়ক ইকাই গুনদোয়ান বার্সেলোনায় যাচ্ছেন।

দলবদল বিষয়ক ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানিও নিশ্চিত করেছেন বিষয়টি। জার্মান মিডফিল্ডারের সঙ্গে দুই বছরের চুক্তি হতে যাচ্ছে বলে জানান তিনি।

স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দে পুর্তিভো তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, মিউনিখে ৩২ বছর বয়সী মিডফিল্ডারের সঙ্গে চুক্তি করেছে কাতালান ক্লাবটি। চুক্তি স্বাক্ষরের সময় মাতু আলমানি উপস্থিত ছিলেন।

বার্সার সঙ্গে চুক্তিতে, ৫০০ মিলিয়নের একটি রিলিজ ক্লজ আছে। এছাড়া ক্লাবটি থেকে গুনদোয়ান বছরে ৯ মিলিয়ন (৯০ লাখ) ইউরো পারিশ্রমিক পাবেন।

গত কয়েকদিন ধরেই গুনদোয়ানকে নিয়ে বার্সা-সিটির লড়াই চলছিল। জার্মান এই ফুটবলার ক্যাম্প ন্যুয়ে যেতে আগ্রহী হলেও সিটি তাকে ছাড়তে চাইছিল না। দলটির কোচ পেপ গার্দিওলা তাকে ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানিয়েছিলেন। তবে তাদের সব চেষ্টা বৃথা গেছে গুনদোয়ানের বার্সা যাওয়ার মধ্য দিয়ে।