রাজধানীর বকশিবাজার মোড় থেকে এক ভবঘুরে ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম শাকিল (৪৫) বলে জানা গেছে।
বুধবার (২১ জুন) সন্ধ্যায় পথচারীরা তাকে ভ্যানে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
‘কেয়ার বাংলাদেশ’ নামে একটি সংস্থার কর্মী মো. আলম হোসেন জানান, ওই ব্যক্তি মাদকাসক্ত ছিলেন। তাদের সংস্থায় নিয়মিত চিকিৎসা নিতেন। আজ বুধবার সন্ধ্যায় বকশিবাজার মোড়ে ফুটপাতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাকে। তখন পথচারীদের সহযোগীতায় ভ্যানে করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। তার পরিবার পুরান ঢাকার বাংলাদেশ মাঠ এলাকায় থাকে বলে জানা গেছে।