প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীর ঘরে ঢুকে তাকে জোর করে ধর্ষণের অভিযোগ উঠেছে মাসুদ রানা নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে।
থানার মামলা সূত্রে জানা যায়, আসামি মাসুদ রানা পথে তাকে প্রেমের কু-প্রস্তাব দিত। এতে ওই ছাত্রী রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয় সে। গত ১৯ জুন রাত সাড়ে ৯টার দিকে মাসুদ রানা ওই ছাত্রীর ঘরে ঢুকে ধর্ষণ করে। এ সময় ওই ছাত্রী চিৎকার করলে তার মা-বাবা ছুটে এলে মাসুদ রানা পালিয়ে যায়। পরে ছাত্রীর বাবা বাদী হয়ে পাঁচবিবি থানায় ধর্ষণ মামলা করেন।
পাঁচবিবি থানার (ওসি, তদন্ত) মো. হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় ধর্ষণের মামলা করেছেন। ওই ছাত্রী হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে মামলার পর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।