গোপালগঞ্জের কাশিয়ানীতে ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ তিন ভাইকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার (ঢাকা-খুলনা মহাসড়ক) ভাটিয়াপাড়া গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল বুধবার দুপুরে তাদের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
আহতরা হলেন কাশিয়ানী সদর ইউনিয়নের জঙ্গল মুকুন্দপুর গ্রামের লাল মিয়া শেখের ছেলে ও কাশিয়ানী সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য জামাল শেখ, কামাল শেখ ও বালু ব্যবসায়ী রঞ্জু শেখ। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং কাশিয়ানী স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে একদল দুর্বৃত্ত তাদের ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। তাদের আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে। প্রথমে তাদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সূত্রটি আরও জানায়, বর্তমান ইউপি সদস্য জামাল শেখ ও তার চাচাতো ভাই সাবেক ইউপি সদস্য মিজানুর রহমানের মধ্যে পূর্বশত্রুতার জের ধরে দ্বন্দ্ব চলছিল। এর জেরেই গত শনিবার দুপক্ষের লোকজন ঢাল-সড়কি ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়।
স্বজনদের দাবি, শনিবারের ঘটনাকে কেন্দ্র করে ভাগনে রাকিব (চাচাতো বোনের ছেলে) ও তার সন্ত্রাসী বাহিনী এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে তারা।
এ বিষয়ে জানতে রাকিবকে কল দেওয়া হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ আলম জানান, পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে। তবে এখন পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।