ছুরিকাঘাতে আহত বাইকচালক মারা গেছেন

রাজধানীর মিরপুর ১০ নম্বর সেকশন এলাকায় ছুরিকাঘাতে আহত মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। নিহতের নাম সুরুজ আলী (৪০)। তিনি ভাড়ায় যাত্রী পরিবহন করতেন। গত মঙ্গলবার সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতেই মৃত্যু হয় তার। গতকাল বুধবার সুরুজের মরদেহের ময়নাতদন্ত  হয়। পরিবারের ধারণা, ছিনতাইকারীর ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে সুরুজের। তবে পুলিশ বলছে, ঘটনা রহস্যজনক।

কাফরুল থানার ওসি মো. হাফিজুর রহমান দেশ রূপান্তরকে বলেন, আহত এক মোটরসাইকেল চালক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। পরে তার স্ত্রী থানায় এসে আমাদের জানিয়েছেন। নিহত ব্যক্তি মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী পরিবহন করতেন। তবে তার মোটরসাইকেল, মোবাইল, টাকাপয়সা সবই অক্ষত আছে। আমাদের টিম কাজ শুরু করেছে।

সুরুজের স্ত্রী বন্যা আক্তার জানান, ছিনতাইকারীরা মোটরসাইকেল নেওয়ার জন্য তার স্বামীকে ছুরিকাঘাত করে বলে জানতে পেরেছেন। মঙ্গলবার ভোরে রক্তাক্ত অবস্থায় সুরুজকে উদ্ধার করে পথচারীরা তাদের বাসায় নিয়ে যায়। তখন তারা তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করান।

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নিচিন্তপুর গ্রামের মো. ভোলা মিয়ার ছেলে সুরুজ। মিরপুর ১২ নম্বরে পরিবার নিয়ে থাকতেন। দুই ছেলের জনক ছিলেন তিনি।